হাফিজের স্বপ্ন
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
অমা যামিনীর গহন আঁধারে চুপি চুপি এল প্রিয়া,
দ্বিগুণ আঁধার খর্জুর-বীথি, তাহারি আড়ালে দিয়া! আঙুরের মতো অলকগুচ্ছে গোলাবের মালা পরি,
মৃদু উশীরের মদির গন্ধে নিশীথ আকাশ ভরি,
কাজল উজল কালো কটাক্ষে হানিয়া বিজলি হাসি, ফেরোজা রঙের বসন পরিয়া শিথানে দাঁড়াল আসি;
-বীণানিন্দিত মধুর কণ্ঠে কহিল-রে অনুরাগি,
শূন্য শয়নে আমারে মাগিয়া জাগিয়া কিসের লাগি?
করুণা তাহার হৃদয়ে হানিল সুখের মতন ব্যথা,
জুড়ি জোড় পাণি বিগলিত বাণী, কষ্টে কহিনু কথা,-
তব অঞ্চল বসন্ত বায়ে হৃদয়ে যে ফুল ফুটে,
তব মঞ্জির সংগীতরবে হৃদয়ে যে ধ্বনি উঠে,一
তাহারি গন্ধে, তাহারি ছন্দে রচিয়া গজল গীতি
তোমারি কুঞ্জ দুয়ারে গাহিয়া শুনাইব নিতি নিতি;
নাহি চাই খ্যাতি, যশে কাজ নাই, চাহিনাকো ধন মান, তোমার স্তবের যোগ্য করিয়া শিখাইয়া দাও গান!
না কহিয়া কথা, না বলিয়া কিছু-লীলায়িত হেলাভরে সেতারটি শুধু লইল টানিয়া কোমল বুকের 'পরে;
অঙ্গুলি ঘাতে তারগুলি তার সংগীতে ভরি দিয়া
আমার কোলের সঙ্গীটি মোরে ফিরাইয়া দিল প্রিয়া!
গোলাবের কুঁড়ি তখনো ভাবেনি ফুটিতে হইবে কিনা, ডানার মাঝারে মাথাটা গুঁজিয়া চাতকী চেতনাহীনা;-
অমা যামিনীর গভীর আঁধারে মিলাইয়া গেল প্রিয়া-
শিশির শীতল খর্জুর-বীথি, তাহারি ভিতর দিয়া।
তারপর হতে বাজিছে সাহানা সোহিনী সিন্ধু কাফি-
তারি সাথে সেই পরম পরশ উঠিতেছে কাঁপি কাঁপি;-
তালে তালে উঠে দুলে দুলে তারি হৃদয়েরি আকুলতা,
সুরে সুরে সদা ঘুরে ঘুরে ফিরে তাহারি গোপন কথা!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।