অবসর নেই-তাই তোমাদের কাছে যেতে পারি না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমাকে একটা গাছের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেবো
সারা জীবন তুমি তার পাতা গুনতে ব্যস্ত থাকবে
সংসারের কাজ তোমার কম---' অবসর আছে ' বলেছিলে একদিন
" অবসর আছে---তাই আসি।"
একবার ঐ গাছে একটি পাখি এসে বসেছিলো
আকাশ মাতিয়ে, বাতাসে ডুবসাঁতার দিয়ে সামান্য নীল পাখি তার
ডানার মন্তব্য আর কাগজ কলম নিয়ে বসেছিলো
" হ্যাঁ আমি তার লেখাও পেয়েছি। "
কচিৎ কখনো ঐ পথে পথিক যায়
আমায় এসে বলে---" বেশ নির্ঝঞ্ঝাট আছো তুমি যাহোক !"
আমার হিসাবনিকাশ, টানাপোড়েন, আমার সারাদিন
" অবসর নেই --- তাই তোমাদের কাছে যেতে পারি না। "
সন্ধে হয়, ইস্টিশানের কোমরের আকন্দ ফুলগুলো ফুলে ওঠে
আমার কষ্ট হয় কেমন
আকন্দ-র নাকছাবি তোমায় মানাত বেশ
" পাতার একটা থোক হিসেব পাঠাতে তৎপর হয়ো---
তাছাড়া, কমদিন তো হলো না তুমি গেছো !"
দুপুররাতের কথা তোমাদের কিছু কানে গেছে
জ্যোৎস্নায় গাছের ভিতরে পা ছড়িয়ে বসো তুমি
' গতমাসে একটা রান্নাঘর তৈরি হবার কথা জানিয়েছিলেন
হোটেলের ভাত-ডাল তাহলে আর তেমন পুষ্টিকর নয় ?'
জীবনে হেমন্তেই তুমি ছুটি পাবে ---
' পুরীতেও যেতে পারো--- ফিরতে পথে
ভুবনেশ্বরটাও দেখে এসো,
আবার কবে যাও না-যাও ঠিক নেই----'
আমার হিসাবনিকাশ টানাপোড়েন, আমার সারাদিন
' অবসর নেই ----তাই তোমাদের কাছে যেতে পারি না।'
কাব্যগ্রন্থ --
‘পাড়ের কাঁথা মাটির বাড়ি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।