আমারও চেতনা চায়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সব শেষ, আমারও চেতনা চায় ডুবে যেতে —
মন্থর আত্মার মতাে, অথবা কাঁথার মতাে ছেঁড়া।
রােগের কাঁটা ও গাছ মূলশুদ্ধ, চেয়ে,
হাত পেতে আমারও চেতনা চায় ডুবে যেতে, আরােগ্যের সেরা, জলে।
কী রােগ তােমার? তাই ফুলবাগান থেকে দূরে আছো।
হাটের হাসির থেকে ক্রোশখানেক নিষ্ক্রান্ত প্রান্তরে।
কী রােগ তােমার? ঐ পরিকীর্ণ বিস্তৃত বটগাছও
মুড়ে মগ্ন বারােটার সমক্ষয়ী একহারা গড়ন?
সব শেষ ; আমারও চেতনা চায় নিভে যেতে—
চোখের দর্পের মতাে, অথবা শােভার মতাে স্মিত।
বিষের তরল লাক্ষা বুক জুড়ে, সহস্র পা পেতে,
হাঁ ক 'রে, জ্বালিয়ে জিভ, ছাই হয়ে দমকা ঝড়ে স্ফীত
আমারও চেতনা চায় উড়ে যেতে তােমার শান্তির
মুখশ্রী যেখানে ভালাে।
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।