চতুর্দশপদী কবিতাবলী —৭৮
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বারােটি বছর স্নান কবিতার খাতাখানি খুলে
অনুধাবনীয় আলাে অনুধাবনীয় অন্ধকারে
নিরপেক্ষতার সীমা লঙ্ঘন না করে বসেছিলাম—
প্লানচেট-পাথরে মগ্ন আত্মা এসে বিদায় জানায় :
আমরা মিলনে নয়, বিরহে জমেছি স্বর্গে এসে
হয়তাে দেখেছি তাঁকে, হয়তাে দেখার তিনি নন
নিকটে দেখেও মনে হয় কবে দূরের বিদেশে
কেবলই দেখেছি তাঁকে গাছে-গাছে কবিতা টাঙাতে।
এবার শরৎকালে মাধবীর কাছে যাওয়া হবে
মাধবীরও এ - মুহূর্তে মনে পড়ে আমাদের স্থির।
পৃথিবীর পরিচয়, স্মৃতি ও বিবিধ বিনিময়
এইভাবে ঘটে যায়, কালধারা সুদূরপ্রসারী।
বারােটি বছর স্নান কবিতার খাতাখানি খুলে
অনুধাবনীয়তার মাঝে বসে আছি , দেখা দাও॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।