সে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সে আমার প্রতিদ্বন্দ্বী পুরুষের কোলে মাথা রেখে
শোনাক কবির গান বারোমাস সন্ধ্যা নদীতীর
চন্দনের মতো সুখে মগ্ন হোক তার মুখ দেখে
ফিরে যাক বালিহাঁস রোজ যার মায়ার কুটির
ভরে থাকে এক নাম একটি নাম তার হয়ে বলি
আহা যদি ভালো থাকে সুখে থাকে থাক না অঞ্জলি
বিবাহিত স্ত্রীও নয় কেবল যৌবনে জ্বলে এসে বলেছিলো
অঙ্গ ধরো তোমাকে মরেছি ভালোবেসে।
আহারে নদীটি তোর মরসুমি ফুলের মতো বাসি
শরীরে মাছরাঙা শাড়ি পানের বরোজ স্থির মাঠে
পাখির পায়ের মতো হলুদ বিষণ্ণ ঘাসে আসি
কাতর পোকারা সব, কবিগান গেয়ে দিন কাটে
ভিখারি হাওয়ার মতো কী চায় জানে না যদি বলি
মমতার মৃত্যুকাল পূর্ণ করি তখন অঞ্জলি
তবে কি মৃত্যুই সাধ্য বধির নদীর মাছ তুই
কূলের শিকারী এসে ছুঁয়েছে সহজ নানাছলে
অর্থ বিনিময়ে পণ্য করুণ গোপন লোভী যুঁই
না বুঝি গ্রীষ্মের ভগ্নী তুষ্ট নয় নদীর শীতলে।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।