রেখা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
হৃদয়-চেরা রক্তে আজি আঁকিনু রেখা যতনে
তোমারি পায়ে পরায়ে দিতে আলতা;
জানি না সেকি যোগ্য হবে রক্ত-জবা চরণে,
যদিও মাগো জবারি মতো লাল তা।
হোক্ না হোক্ তোমারি সে তো, কোথায় পাব অধিক আর, তোমারি সে যে, হোক্ না ভালো মন্দ;
কুঞ্জে ফুটে পুষ্প-আছে সবারি পূজা অধিকার,
যদিও নাহি সবারি মধু গন্ধ।
আকাশে মাঠে, কাননে ঘাটে, গোধূলি মেঘ-স্বর্ণে
ছড়ানো তব সুষমা অফুরন্ত;
তোমারি দেওয়া নয়ন-তুলি ডুবায়ে তারি বর্ণে
আঁকিল রেখা কল্পনা দুরন্ত!
জগৎজোড়া নয়ন তব রয়েছে চাহি দিবারাত,
যে চোখে কভু এড়ায়নাকো তিলটি;
কালের কালো কষ্টি 'পরে কষিয়া লয়ে রেখাপাত
বুঝিবে তুমি সোনা কি শুধু গিলটি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।