বয়ঃসন্ধি
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
মুকুলের বার্তা বহি তনুলতা আরক্ত পল্লবে,
চপল চোখের ভাষা লভিয়াছে বাণীর সন্ধান;
গালের গোলাপজাম পরিপুষ্ট গোলাপি গৌরবে, কৃষ্ণসায়রের জলে কালো কেশ করে নিত্যস্নান!
মঞ্জরিত বক্ষতলে রহস্যের মন্দার-মঞ্জরি
আপন গোপন বাস সবিস্ময়ে খুঁজিছে গোপনে;
শ্রীঅঙ্গের ঋজু রেখা বঙ্কিম ভঙ্গিতে উঠে ভরি;
মুখরতা মৌন হয়ে নেমে আসে চঞ্চল চরণে!
মন্দির মেলিছে চূড়া; দূরে বাজে মিলনের বাঁশি
বিগ্রহের অপেক্ষায় শূন্য পড়ে আছে হৃদি-পাট;
অশ্রুর কুয়াশা-আড়ে মিলায় উচ্ছল কলহাসি,
অজানার আকিঞ্চনে মুক্তি মাগে মর্মের কপাট!
সর্বাঙ্গে লাগায়ে দোল অন্তরের বসন্ত-উৎসব
হানে রঙ্গ-পিচিকারি-অলক্ষিত হাসে মনোভব!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।