আমি দাঁড়িয়ে আছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তার স্থিরতার কাছ - বরাবর এখন আমি দাঁড়িয়ে আছি
সর্বনাশা চঞ্চলতা ওলােট-পালােট হয় আঁধারে
আমার মধুচক্র জুড়ে মৌমাছি নয়, গৌরী মাছির জমকালাে ভিড়,
বসত আমার ঠিক সমতল শেষ পাহাড়ে।
বহুকালের আবর্জনার মধ্যে ছিলাে কাঙাল লতার
সেই বাহুপাশ, যার তুলনা সব জীবনী স্বচ্ছ করে
সর্বোপরি বর্ণবহুল দিবস যাপন গােপন কথার
তুঙ্গে আছি, ভ্রু-ভঙ্গি থাক যত্নে-ঢাকা নীল কবরে।
তােমরা যদি বাঁচতে শেখার পাঠশালাতে ভর্তি হতে
আমার মতন চৌকিদারি-হীন জীবনের আবেশ-লব্ধ
স্বাধীনতার সাঁতার কাটতে নদী ও সমুদুরের স্রোতে
ধন্য সেই আনন্দে তােমার, দুঃখ হতাে দুকূল জব্দ।
এবং নকল ফক্কিকারি চুকিয়ে দিয়ে এই স্বদেশে
সবার সঙ্গে বাস্তু করি ; সর্বোপরি গৌরী মাছির
ঘনিষ্ঠতায় দিন কেটে যায়, জীবনে ক্রন্দনের শেষে
মেঘ-সরানাে উজ্জ্বলতায় প্রাণ পায় চৈতন্যরাশি!
কাব্যগ্রন্থ
উড়ন্ত সিংহাসন
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।