বিপন্না
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কৌরবের সভাতলে বামহস্তে বসন সম্বরি
অন্য বাহু ঊর্ধ্বে তুলি শ্রীহরিরে ডাকি বারম্বার,
বিহুলা দ্রৌপদী যবে দুটি চক্ষু অশ্রুজলে ভরি
ঘৃণায় লজ্জায় ক্ষোভে মেগেছিল মৃত্যু আপনার;-
শ্রীকৃষ্ণ তখনো সেই অপূর্ণ নির্ভর হেরি তার,
আপনারে একেবারে বস্ত্ররূপে দেয়নি বিতরি;
কিন্তু যবে নিরুপায়, দুই বাহু মেলিয়া উদার,
চাহিল শরণ শেষে-নিমেষে আসিলা নামি হরি।
বিমূঢ় পাণ্ডবদল পরস্পরে চাহি রহে মুখে,
ধর্ষিতার হর্ষ হেরি দুঃশাসন গুমরায় দুখে!
বিপন্না দ্রৌপদী আজি ঘরে ঘরে মেলি দুই বাহু
কাঁদে যে তোমায় ডাকি; কোথা তুমি লজ্জানিবারণ?
তুচ্ছ করি ভর্তুদলে, ব্যর্থ করি দুঃশাসন রাহু-
এস তুমি আর্ত-সখা-এ দুর্দিনে, এস নারায়ণ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।