শেষের রাত
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ভাদ্রমাস; দূর প্রবাস; পরের দাস; সঙ্গীহীন;
দ্বিপ্রহর; শুদ্ধঘর; শূন্যচর; দীর্ঘদিন;
গ্রন্থ নাই--কর্ম-ছাই ঘনায় মেঘ; বন্ধদ্বার;
বিরামহীন বর্ষাদিন; অন্ধকার-অন্ধকার!
রুগ্নকায়; নিদ্রা নাই; দীর্ঘরাত-একলা তায়;
বারম্বার সঘন-ধার বৃষ্টি হয়, নিঃসহায়!
দমকা বায়-চমকে চাই; কে দেয় ডাক-হয়তো সেই!
দ্বারের ফাঁক-হাওয়ার হাঁক, নয়গো নয়-কই, সে নেই।
বাড়ছে ঝড়; কড়াৎকড়-বজ্রাঘাত-দগ্ধবন!
কোথায় যাই-উপায় নাই; লাগছে ভয়, শূন্য মন!
হাওয়ার হাঁক; ব্যাঙের ডাক; ঝিঁঝির শাঁখ চিরছে বুক,
যায় যে রাত দাও গো হাত; আর কখন?-দীপ নিবুক।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।