চতুর্দশপদী কবিতাবলী - ৫
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একবছর ধরে একটি শেফালিতলায় শুয়েছিলাম কেমন
মনে পড়ে । গরমের দিনগুলি মদের ঢাকায়
চৈতন্যবিহীন বহু তীব্রতর স্বপ্ন দেখেছিলাম—
সেইসব দিনগুলি বৃষ্টিতে নরম হয়ে গেছে।
একবছর ধরে সেই শেফালিতলায় অর্ধস্ফুট
ময়ূরের, মাছিদের, বহু প্রাণিদের যাতায়াত
দেখিয়াছি-একহারা ফ্রকঢাকা মেয়ের মহল
শেফালির চৌহদ্দির মাঝখানে—হৃদয় যেখানে।
তারপর একদিন শেফালিরে লাগিল না ভালাে—
চলিলাম। লাগিল না ভালাে কারে লাগিল না আর
শেফালি ঝরিয়া গেলাে তেমনই সামান্য বাতাসে
উঠানের বুক ভরে খাড়া উঠে গেলাে মুথা ঘাস—
কেবল লাগিল ভালাে জ্যোৎস্নায় স্থাপিত হয়ে যবে
পক্ষকাল গৃহচড়ে বসে-দেখা মানুষ, ময়ুর!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।