মুক্তবেণী
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ও কেশ বাঁধিয়া রাখ, মেলিয়ো না আর,
কোরো না নূতন সৃষ্টি-ধরা অন্ধকার
ভরা দিনে, নিবায়ে এ নয়নের আলো,
বর অঙ্গে বেড়া ওই নীলাম্বরী কালো-
নীলাঞ্জন মেঘসম-যথেষ্ট কি নয়?
মুমূর্ষেরে মারি কিবা শৌর্য-পরিচয়!
রমণীর মন নিয়ে পার না বুঝিতে-
সহনেরও সীমা আছে পুরুষের চিতে!
ওই দেখ--ক্লান্ত রবি দিগন্তের ভালে
বিছায় বিশ্রাম শয্যা সন্ধ্যাতন্দ্রাজালে;
পাখিরা কুলায়মুখী; ঘরে ফিরে চাষি;
বাজিছে শঙ্খের কণ্ঠে মিলনের বাঁশি
দিকে দিকে।-আর কেন? ঝাঁপিয়া অঞ্চল,
ঝাঁপিতে ঢাকিয়া রাখ ভুজঙ্গের দল।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।