আমি সুখী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভুলে ভুলে ভুলে যাই, কোনােদিন মধ্যদুপুরের রৌদ্র পিঠে বয়ে
তােমার উদ্দেশে, শুধু একঝলক বিমূঢ় চোখের পক্ষপাত পাবাে বলে
একঢাল সবুজ পাতার গায়ে রক্তচক্ষু ফুলের চমক দিতে পারবাে বলে ঐ আপার চাইবাসা…চলে যাই
আজ ভুলে ভুলে যাই বিকেলের সুড়িপথ হাস্যকরােজ্জ্বল ছেলেবেলা
অন্ধকার ঘর জুড়ে ডাক - ছাড়া গান ।
ছাঁচতলায় পদশব্দ , সজিনার পাতার ফিসফাস ।
আর রাঙা পা দুখানি করতলে মন্দির প্রতিষ্ঠা যেন.
বিশ্বাসের , উলুর , শাঁখের
ভালােবাসা থেকে দূরে শ্রেষ্ঠতার মহান পূজার
মন্ত্র যেন তােমার অস্পষ্ট কথা চোখ চাওয়া,
পাংশু হিম ঘুম…এইসব
আজ মৃত, শান্ত, দূর—আয়ত্তের মধ্যে তুমি নও, নওলকিশােরী
তুমি নিঃসঙ্গের সত্য সঙ্গ দিতে
স্বপ্নে মেলে দিতে তুমি গৃহগন্ধ , বাগান , পুকুর
বস্তুত বস্তুর খোঁজ দিতে তুমি মনীষা মিশিয়ে
কিন্তু আজ মৃত , শান্ত , বহুদূর…বাহ্যের আড়ালে …
আমি সুখী ! তুমি জানো সুখ কাকে বলে?
ভুলে ভুলে ভুলে গিয়ে সুখী আমি , স্বতন্ত্র , স্বাধীন
সুখী আমি । তুমি জানো সুখ কাকে বলে?
কাব্যগ্রন্থ
' যুগলবন্দী '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।