এইভাবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কলকাতার উপকণ্ঠে শুয়ে আছি যেন অবসৃত,
মানুষের মূর্তি হয়ে শুয়ে আছি যেন অবসৃত,
জঙ্গলের মেহগিনি, দামি, অতিমূল্যবান গাছ ।
শুয়ে শুয়ে মেঘ দেখি জানলার লোহা-ফ্রেমে আঁটা।
অন্তরালবর্তী পর্দা মেঘ দেখলে দুহাতে সরিয়ে
দিই আমি, শুয়ে থাকি মূল্যবান মেহগিনি গাছ।
প্রান্তে টেবিলের 'পরে শিশিভর্তি যমুনোত্রী মদ,
পাশের গেলাসে ঢালা রক্তের মতন
তীব্রতার জীবনদায়িনী উষ্মা, ছাইদানি, সিগারেট, দেশলাই।
একজীবন কাজ করেছি, এখন কাজের থেকে ছুটি।
আজ কষ্টকর গদ্য নয়, কিছু পদ্যের মোহর
ছড়াই জানালা গলে বাগিচার ভিতরে ও ঘাসে।
এইভাবে বেঁচে-থাকা জীবনের কয়েকটি বছর—
নিশ্চিন্তে কাটিয়ে দিয়ে, ভালোবেসে, মরে যেতে পারি!
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'ছবি আঁকে, ছিঁড়ে ফ্যালে' জানুয়ারি-১৯৯১
শারদীয় দেশ, ১৩৯৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।