বাইরে যাঁরা দাঁড়িয়ে আছেন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মুখে তোমার মুখ রেখেছি, বুক রেখেছি বুকের কাছে
বাদবাকি শরীরটা তোমার হাত দুখানি জড়িয়ে আছে
হৃদয় নামের শিমুল তুলো আজ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে
মুখে তোমার মুখ রেখেছি, বুক রেখেছি বুকের কাছে।
কত কথাই বলছি যেমন দু মুখে দুই পিঁপড়ে বলে
ত্বরায়-ভরা নিলামখানার সেই গাড়ি কি এমনি চলে
তেল বিনা এক হালকা হাওয়ায়— দুই সওয়ারি অসচ্ছলে
কত কথাই বলছি যেমন দু মুখে দুই পিঁপড়ে বলে।
এই আমাদের মান-অভিমান সাতমহলা ইমানদারি
এই আমাদের যোগ্য বয়স তাই যেন ভূত দেখতে পারি
ঠুকরে খাওয়ার মস্ত মজা এক গালে খায় কোন পাহাড়ি
এই আমাদের মান-অভিমান সাতমহলা ইমানদারি।
বাইরে যাঁরা দাঁড়িয়ে আছেন, সময় থাকতে বসেই পড়ুন
অন্দরে বন্দর পেতেছি জাহাজখানাও স্বপ্নে তরুণ
নীল জলে গা ভাসাচ্ছি না কিমিতি-নাটকের দরুণ
বাইরে যাঁরা দাঁড়িয়ে আছেন— সময় থাকতে বসেই পড়ুন।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।