তার মৃত্যু : নবেন্দুর স্মৃতি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শস্যক্ষেত্র থেকে ফিরে তার মৃত্যু দেখেছে প্রত্যেক পায়রা,
সে উপরে থাকে, স্বর্গে নয়, প্রাসাদের খােপে বিষণ্ণ
বাঘের মতাে অগ্নি এসে তার নীল ঝােপে
কবিকে টেনেছে আজ, ঐ তার আশ্রয় বা ঠেক্,
যেখানে মৃত্যুর হিম শস্তা, বেচে কানাকড়ি দামে
কৃষ্ণা রূপসীর দল, তাই কিনে প্রধান আরামে
এই লােক শুয়ে আছে, পিছুটান্ প্রাপ্তিরও অতীত
পায়রারা দেখেছে যাতে অগ্নি জব্দ করে মাঘী শীত।
আমি অনুতপ্ত, কেন মুখ দেখে কিছুতে বুঝিনি
বিদায়ের ঘন্টা তুমি কণ্ঠস্বরে বেঁধে রেখেছিলে ?
অন্ধ আমি, ছিলাে আঁকা সুনিশ্চিত প্রতিজ্ঞা মৃত্যুর
মুখে, আমি চোখ বুজে তথাকথ্য আলাপে প্রাক্তনী বলেছি :
একবার এসাে, জমজমাট আছি, দেখে যাও—
কে জানে, তদন্তসূত্রে জানবাে, হলে তখনি উধাও।
পায়রা, যে উপরে থাকে, স্বর্গে নয়, প্রাসাদের খােপে বিষণ্ণ
বাঘের মতাে অগ্নি এসে তার নীল ঝােপে
কবিকে টেনেছে আজ, ঐ তার আশ্রয় বা ঠেক্
শস্যক্ষেত্র থেকে ফিরে তার মৃত্যু দেখেছে প্রত্যেক পায়রা ...
কাব্যগ্রন্থ
'প্রভু নষ্ট হয়ে যাই'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।