কলকাতায়, ভােরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভােরের ট্রামের মতাে প্রেমের সঞ্চার
মানুষের দেহে-মনে। শীত সরে গেছে।
দক্ষিণে ধানের বােঝা নামিয়ে গােলায়
ট্রাক ছুটে চলে যায় দুঃখভরা খড় নিয়ে শুধু
উত্তরের দিকে। ক্রমাগত।
ধীর আলাে ফুটে ওঠে ফুলের মতন
টবে, বারান্দায়।
কলকাতা-কলুষ মেখে ফুলগুলি তবু ফুটে ওঠে;
ফুটে ওঠে ঝরে যায় এ মুহূর্তে কতশত শিশু—
মনে পড়ে গেলে আর সুন্দর লাগে না।
মােহময় লাগে না এ-ভােরবেলা তিক্ত কলকাতার!
রাতজাগা শেষ করে মানুষের শ্লথ পায়ে ফেরা
নিজের ঘরের দিকে। কেউ কেউ
ঘর থেকে বাহিরে।
বালকের হাত ধরে বৃদ্ধ যায় বাদাম কুড়ােতে!
বাদামের বুড়াে পাতা ঢুঁড়ে পায় দুচার বাদাম,
তার মধ্যে বাল্যকাল খলসে মাছের মতো নড়ে।
রোদ ওঠে, রোদ উঠে পড়ে,
কাজের কলকাতা তার পােশাক বদলায় ঘরে ঘরে।
কাব্যগ্রন্থ- 'ও চিরপ্রণম্য অগ্নি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।