নূতন করে কি বাঁচা সম্ভব হবে?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বসতি আমার ছিলো দক্ষিণ গাঁয়ে
ভাঙা দেউলের পাশে
আজ নির্জনে সমগ্র ভেসে আসে
বরবধূ চলে ময়ূরপঙ্খী নায়ে
বসতি আমার ছিলো দক্ষিণ গাঁয়ে ।
পুবেও গিয়েছি পশ্চিমে ছিলো বাসা—
ধানের মরাই ছিলো না কি ঘরে-ঘরে ?
কাছ কাছে রেখে গচ্ছিত ভালোবাসা
পরান আমার প্রাঙ্গণে কেঁদে মরে।
নুতন করে কি বাঁচা সম্ভব হবে
বারোমাস্যার গানে
দুঃখ-সুখের প্রয়াণ বর্তমানে—
শুধু বেঁচে থাকা, হেসে-ভেসে উৎসবে
নূতন করে কি বাঁচা সম্ভব হবে?
কাব্যগ্রন্থ –
'ধর্মে আছো জিরাফেও আছো'
প্রকাশকাল :
(আশ্বিন-১৩৭২)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।