তোমার পথ কি আমার পথেই পড়ে?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যবে কাছে পাই সমুদ্র হলে পার
সে থাকে সুদূর মনে
ঘাটে বসে করি ব্যর্থ - সফলতার
তুলনা সংগোপনে
ততোধিক জ্বলে নির্জন সন্ধ্যায়
ফসফরাসের সিঁড়ি
যমুনা - ব্রিজের তলের মরীচিকায়
দেখেছিলে হারাকিরি
তবু প্রাণ থেকে ছড়িয়ে পড়েছে প্রাণে
অখণ্ড এলোচুল
আমার মন কি ছুটেছে বর্ধমানে
সিগন্যাল - অনুকূল?
ভ্রাম্যমাণের অন্তরে বাসা নড়ে
প্রয়োজনহীনতার
তোমার পথ কি আমার পথেই পড়ে
প্রিয়তমা বারেবার?
কাব্যগ্রন্থ -
'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।