প্রত্যাবর্তিত
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিরস্ত্রের যুদ্ধে যাই শস্ত্র হয় মন।
অন্ধকার পিতার চোখ, আকন্দের আঠা
চুইয়ে পড়ে মায়ের গালে, ধাতুর দর্পণ
আমাকে করো ঘাতক, বেঁধো তীক্ষ্ণধার কাঁটা
চক্ষে আর জিহ্বা কাটো অঙ্কুরের বাশে
আমাকে দাও হত্যা করি আমার সন্তানে।
মন আমার অস্ত্র হয় অন্ধকার বাধা
তার কঠিন হৃদয়ে মারি ঘুম ভাঙার ঘা
অঙ্গ আমার অবশ হ'লো কঠিন হ'লো কাঁদা
অন্ধকার বললো জেগে, এবার ফিরে যা।
অজগরের মাথায় জলে মণির মতো ভোর,
ক্লান্ত বীর এবার ফের ফেরার ঘরে তোর
মা হয়েছেন ফটিক জল, পিতা জোনাক পোকা,
ভিটের ভাঙা ধূলোয় কাঁদে ছাতার-পাখি একা
অন্ধকার তারার চোখ আকাশ পোড়া সরা
ভাগ্য কালো কাকের গা, ক্ষুধার অন্ন জরা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।