একটি তাঁবুর মাঝে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি তাঁবুর মাঝে আমি কোনো মহিলার নয়
দুপুরের অরণ্যের ভিতরে যখন জেব্রা ডাকে
সাড়া দেয়, দূর হতে সাড়া দেয় স্কুলের ঘণ্টায়
মুণ্ডাদের শ্যামল ও চিক্কণ ছেলেরা বনভাগে।
কখনো জাহাজ হতে অরণ্যের অতিবৃষ্টিপাত
হয়ে থাকে, কেন হয়? হাতে কোন ভাগ্যের কাগজ
লেখা হতে থাকে হায় সংশয়ীর নিশ্চিন্তি-মুখর
সেদিন তাঁবুর মাঝে আমি কার পেতেছিনু খোঁজ?
দেখা হলো? হে হৃদয়, হে যুদ্ধের উত্তর হৃদয়
দেখা হলো পরাজয় প্রধান নিস্পৃহ শালবনে?
কথাবার্তা হলো কিছু? নাকি করস্পর্শে করো জয়
দুপুরের অরণ্যের ভিতরে তখন জেব্রা ডাকে।
সেদিন তাঁবুর মাঝে আমি কোনো মহিলার নয়
আমি সেই যুদ্ধোত্তর পুরাতন বোমারু সহসা
উড়ে এসে ঝাঁকে ঝাঁকে তারকার মতো উপদ্রুত
করি ও ফাঁসিয়ে ফেলি তাঁবু ও হৃদয়ময় খেদ
অগ্রন্থিত কবিতা
অমৃত, ৪.১.১৯৬২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।