নিদ্রাকালে শঠ উপকারী
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
পরের অহিতকারী নীচ যেই খল।
নিজ লাভ বিনা শুধু খুঁজে মরে ছল॥
কথন জানে না মনে হিত বলে কারে।
উপকার লাভ করে পর অপকারে॥
সদা ভাবে কার কবে কিসে মন্দ হবে।
মুষলের সাজা পায় কুশলের রবে॥
নিয়তই মনে পায় অতিশয় দুখ।
শয়নে ভোজনে নাই কিছুতেই সুখ॥
মিছে আঁখি মুদে থাকে ঘুম যায় চড়ে।
ছটফট করে রাতে বিছানায় পড়ে॥
দৈবাধীন চখে যদি ঘুম এসে তার।
তবেই সে খল করে পর-উপকার॥
জেগে থেকে কেবল অধর্ম্মে কাটে কাল।
যতক্ষণ নিদ্রা যায় ততক্ষণ ভাল॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।