পিছনে চলেছে, থাকে দূর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পিছনে চলেছে সে - ও, ভদ্রতাসম্মত দূর থেকে
আমাকে রেখেছে চোখে ; ভিড়ে ঢুকে দিতে চাই ধোঁকা
সহজে হজম করে যেন অন্যমনস্ক ও বোকা
কিছুটা সে, যথাসাধ্য আর করে নিজেকে আলাদা।
পিছনে চলেছে সে - ও, আমি চুপকি দিই, সরে পড়ি
ভাঙা দেয়ালের পাশে শ্যাওলা মেখে যখন স্থগিত অকস্মাৎ
চেয়ে দেখি দেয়ালের অর্ধখান ধরি
সে আছে দাঁড়িয়ে, তার উপস্থিতি সম্ভ্রমজড়িত।
ভাবলেশহীন দৃষ্টি মেলে রাখে আমার উপরে
অথচ, প্রকৃতপক্ষে, দেখা তার হয়তো উর্ধ্বের
পাখি কোনো ; আকাশে মেঘের গতি, কিংবা বুনিয়াদি
ইস্কুলের টালিখোলা ; যখন বৃষ্টির জল পড়ে
আমারই ছাতার নিচে আসে সে অক্লেশে, শামুকের
মতন নিম্নগুঞ্জণ ; কাছে পাই তবু থাকে দূর।
এ কোনো নারীর কথা নয়–আবছায়ায় দাঁড়ানো
কোনো পশ্চাতাদ্ধাবক, যে আমার পিছনে পিছনে চলেছে।
আমি তার নিশ্বাস পিঠে অনুভব করছি। ঘুরে দাঁড়াতে পারছি না।
তার মুখোমুখি হতে যেমন আমার ভয় বা ভদ্র বাধা, তারও বুঝি
তেমনি। সে দ্রুত হাঁটছে না। আমি তাকে এড়াবার জন্যে গলি
উপগলি ধরলেও,সে আছে। পিছনে আছে।
কিন্তুু তাকে আমার ছাতার নিচে টেনে আনে।
কাছে থেকেও, দূরে থাকে সে৷
আমার একটা সময় এই ধরণের অসুখ করেছিলো। রাস্তায় বেরুলে,
বিশেষ করে, আমার মনে হতো, কেউ আমার পিছু নিয়েছে।
কেন নিয়েছে শুধোবার সাহস ছিলো না।
টের পেয়েছিলাম,বহুদিন পর, ও আমারই এক টুকরো, যে বিবেচক,
যে আমার নিত্যসঙ্গী,যে খুব কাছে থেকেও বহুদূরে স্থাপিত।
কাব্যগ্রন্থ
' পরশুরামের কুঠার '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।