টবের ফুলগুলোকে দাও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পুঞ্জ পুঞ্জ মেঘ করে, কার্নিশে ছড়ানো লাল জামা এইবার তোলো,
নয়তো ভিজে যাবে উদ্ভূিত পশলায় ফুলের টবগুলোকে দাও
সিঁড়ি থেকে ছাদে টেনে ফেলে মাটিতে ছড়াতে দাও
ইতস্তত ভ্রষ্ট এর মূল :
নয়তো কী দিয়ে বাঁধবে শিখারূপী ব্যক্তিত্বের ভার
সটান সবুজ, যার দাঁড়িয়ে থাকাই মনোগত
ইচ্ছা, তাই বলি, নয়তো অভিলাষও বলতে পারতাম।
মেঘ, পুঞ্জ ভেঙে চলে কাপড়ের মতো ভাসমান
জলে ফেললে । লাল জামা,
নিশ্চিত উগরেছে সব রঙ ডাই-করা খণ্ডবস্ত্রে।
চরিত্রের খণ্ডতা তোমার
আলো লেগে ধাবমান তিনতলায়, উন্মুক্ত সদরে।
টবের ফুলগুলোকে দাও বৃষ্টি পেতে,
শিকড় বসাতে টবেরই ঝামায়, পোড়ামাটির জীবন-জোড়া পাত্রে
তৃষ্ণা, তাই বলি, নয়তো পিপাসাও বলতে পারতাম।
[ধ্রুপদী ॥ ভাদ্র ১৩৬৭]
কাব্যগ্রন্থ— প্রকাশকাল :
'হে প্রেম হে নৈঃশব্দ্য' ফাল্গুন -১৩৬৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।