ছড়িয়ে রইলে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পুকুর হয়ে ছড়িয়ে রইলে।
কচুরিপানার বেগ্ নি ফুল, নালের সুতো শালুক দুল
কলমিলতার মালায় তুমি অপেক্ষমান হয়ে রইলে।
দূর পথের ঢোলক দ্রুত বেজে সবুজে হলো আড়াল,
চাঁদের আলো খুঁচিয়ে তোলে রাংচিতার কাঙাল ডাল—
পুকুর হয়ে ছড়িয়ে রইলে।
আকাশভরা রাতের তারা শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলে
উদাসীনতা, পড়ে রইলে
এলো না কেউ।
টোপর শোলার শুভময়তা জড়িয়ে পাশে এলো না কেউ,
পুকুর হয়ে ছড়িয়ে রইলে।
কাব্যগ্রন্থ
' ও চিরপ্রণম্য অগ্নি '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।