কোন পথে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটা বিষয় গোড়া থেকেই স্থির থাকা দরকার—
কোন পথে?
কোন পথে গেলে আর আমাদের ফিরে আসতে হবে না।
চৌকিদারির অভাবে ভিটে - মাটি ভদ্রাসন সব
কিছু চুলোয় গেলে
পা ছড়িয়ে কাঁদতে হবে না।
আমরা, যারা একবার বেরিয়ে এসেছি
তাদের আর ফিরে যাওয়া চলে না ।
পথ বেরিয়ে প্রান্তরে পড়ে
নদী বেরিয়ে সমুদ্রে —
এই তো নিয়ম।
আমরা নিয়ম - মাফিক পথ, পথ থেকে প্রান্তরে গিয়ে হাজির,
নদী থেকে সমুদ্রে ...
তোমার হৃদয় থেকে বহিষ্কারের আদায় নিয়ে
অন্য হৃদয়ে বসবো
কাক - পক্ষীও টের পাবে না , পথিকের আবার
বাস - বিষণ্ণতা কী?
যেখানে পথ সেখানেই পথিক
ইতিমধ্যে , পান্থশালায় রাত তো আর কম কাটেনি !
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।