সন্ধ্যে হয়ে এল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সন্ধ্যে হয়ে এল আজ, এ বাড়ির থেকে যেতে হবে
কেউ তো কোথাও নেই, যদি আসতো এ বৃদ্ধবয়সে
দেখতাম তাদের মুখপানে কেউ চেয়ে আছে কিনা
সেদিনের স্মৃতি নিয়ে ঘরে বা ছাদের পরবাসে।
সামনে ইস্টিশান,আর মাস্টারেরও বাড়ি আছে দূরে
রেলস্টেশনের মতো উপদ্রুত আর কিছু নেই
যার কোলে পিঠে উঠে মানুষ হয়েছি সর্বক্ষণ
সে চোখে দ্যাখে না আজ, গায়ে হাত বোলায় নির্বোধে।
আমি যে কতটা বুড়ো হয়ে গেছি, যে তারই আপন
মধ্যযমুনার টানে বাঁধে ও সংস্কারমুক্ত করে
প্রেম ভালোবাসা ছিলো মুঠোর ভিতরে তৎক্ষনাৎ
কী ক্ষতি তাদের যদি দেখতে চাই এ বুড়ো বয়সে
আত্মযন্ত্রণার মতো কষ্ট আর কিছুতেই নেই ------
আমি পরিস্কারভাবে বাঁচতে চাই, বাঁচতে চাই আজো
শারদীয় পরিচয়, ১৯৯৯
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।