আবেশ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
যে দিন সবে সন্ধ্যা নামে দিনের অবসরে,
আছে ছেয়ে আঁধার পাতা দিনের আঁখি 'পরে-
কর্মহীনের যা কিছু কাজ,
সজ্জাহীনের যা কিছু সাজ
সাঙ্গ করে বসে আছি সঙ্গীবিহীন ঘরে-
সে দিন যবে সন্ধ্যা নামে দিনের অবসরে।
সবে তখন ফাগুন শেষে প্রথম লঘু বায়-
পথের 'পরে ছিলাম চেয়ে ঘরের জানালায়।
পথিক চলে আপন পথে-
তারি মাঝে কোথায় হতে
পাখির মতন আঁখিটি তার লুটিয়ে প'ল পায়-
আমি তখন ছিলাম আমার ঘরের জানালায়।
ওরে সাঁঝের কুলায়হারা, ওরে নয়ন-পাখি-
ভাবছি বসে কোথায় তোরে কেমন করে রাখি!
জানি না কী আবেশভরে
নিলাম টানি বুকের 'পরে,
হৃদয়তলে রাখ বলে আঁচল দিয়ে ঢাকি;-
ওরে আমার কুলায়হারা, ওরে করুণ আঁখি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।