সুড়ঙ্গ কোথায় যাবে?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কথা ছিল ভালােবেসে-বেসে কিছু সুড়ঙ্গ বানাবাে।
একমুখ লুকিয়ে থাকবে গাছের শিকড়ে,
পাতাপুতা উইটিবি দিয়ে সন্তর্পণে
ঢাকবাে বিচ্ছিরি মুখ, ডালপালা দেব।
পদচ্ছাপ মুখে ফিরে আসবাে বাড়িঘরে
যেন আলাভােলা শিশু, মুখে চুম্বিকাঠি
নালে - নালে বুক ভেজা, অশ্রুপাতে নয়!
সুড়ঙ্গ কোথায় যাবে ? কার কাছে যাবে?
দেখেছাে কি কুঁচমাছ জলের ভিতরে?
গর্তে, আধাে জেগে ঠায় কেন বসে থাকে?
দোল খায় , যেন গায়ে বাতাস লেগেছে
জলের নিজস্ব হাওয়া, নিজ অভিমান!
বিছানা পাওয়ার মতো, স্বচ্ছন্দ গর্তের
ভিতরে ঢুকেছি আমি, সুড়ঙ্গ কেটেছি—
কারুর পালঙ্কতলে, কারাে হিমবুকে
কারাে করতল খুঁড়ে গিয়েছি চিবুকে
পায়ে পায়ে, শব্দ নয়, ঘুম ভেঙে যাবে!
ঘুমের ভিতরে কাঁচা পানের বরজ
অনেক দেখেছি আমি, উড়ােপুড়াে ঘর
দেখেছি যথেষ্ট, আরাে দেখতে পাবাে বলে
চলেছি সুড়ঙ্গ কেটে কুঁচের মতন ...
সুড়ঙ্গ কোথায় যাবে ? কার কাছে যাবে?
কাব্যগ্রন্থ
'ছবি আঁকে, ছিঁড়ে ফ্যালে'
দেশ , ৩০ আগস্ট ১৯৮০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।