এইটুকু তো জীবন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চলো যাই, রোদ্দুর পা উঠিয়েছে, এখানে
লাঙলের ফালে উঠছে মাটি, এখানে
তেমন পরিপাটি মানুষ নেই কেউ, আদুল
গায়ে লোকে চলছে-ফিরছে, আলো
বাতাসের মতো স্বাভাবিক ; বিষণ্ণ
কবির পাশে জোলা, শহরের মতো
জল ঘোলা করতেও নেই কেউ, মানুষ
সহজে ভালোবাসে, হাসে-কাঁদে কষ্ট পায়
কষ্ট পেতে-পেতে পাথর হয় না, পাথরের
সঙ্গে কথা বলে এখানে অনেকে গাছপালার
সঙ্গে, শিকড়-বাকড়ের সঙ্গে, ফুলের চেয়ে
শিকড়ের সঙ্গেই এখানে সমঝোতা বেশি
মাটির কাছাকাছি থাকে বলেই গায়ে এদের
কেমন সোঁদা-সোঁদা গন্ধ---যা কেবলি মনে পড়ায়
ভাঁটফুল, যজ্ঞডুমুর, দোলমঞ্চ আর দেবদারুর ফল
গরুর গাড়ির আলস্য আর মন্থর এখানে মানুষকে
খুব দৌড়ুতে দেয় না, বারণ করে, কেননা, এইটুকু
তো জীবন, অতো দৌড়ঝাপে আলাদা কী পাবে ?
জীবন ছাড়া, মৃত্যুকে পাবার জন্যে তাড়াহুড়োর কোনো
অর্থ হয় না॥
কাব্যগ্রন্থ
'আমাকে জাগাও'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।