সন্ধে হয় না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বহুদিন হলো ঘুরে -ঘুরে এক জায়গায় যাচ্ছি
ঘুরে-ঘুরেই যাচ্ছি
খবর পাচ্ছি
নতুন কিছু নেই ---সবই পুরানো
আনো আনো
দু-দশটা লোকজন সঙ্গে আনো
তাহলেই জায়গাটা বদলে যাবে
খাবে-দাবে লেজ ঝোলাবে
ডোঙা বাইতে পারো? ডোঙা?
চিরটাকাল ঠোঙা
ভাসিয়ে জীবন কাটালে
মাঠে সাঁতার দিলে না,খালে ----
আড়ালে --আবডালে
পড়ে রইলে
সন্ধে হলেই
পথের ফিতে গুটোয় না রাজমিস্তিরি
সিঁড়ি
বন্ধ হয় না
ঘরেও আলো জ্বলে
সন্ধে হলেই
ঠিক সন্ধে হয় না!
১৭.১১.১৯৬৫
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।