বলাে, ভালােবাসাে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ।
আর সবাই সুস্থ, প্রাণবন্ত, শুধু করিডােরে হাঁটে-
এদিক-ওদিক যায়, জানলায় দাঁড়ায়, পাখি দ্যাখে,
পাখিদের সঙ্গে কিছু কথা বলে, খবরকাগজ
এখানে আসে না।
কে আর তােয়াক্কা করে খবরের, তেলের দরের?
এখানে সােনার চেয়ে দামি কিছু নীরােগ মানুষ !
আমার অসুখ, একা আমিই অসুখী, তাই আছি
বিছানায় শুয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে রয়েছি
আয়নার সম্মুখে, তুমি আমার ভিতরে কথা বলাে
ভূতপ্রেত যাই হও আমার ভিতরে কথা বলাে
ভালােবাসা কথা বলো, হোক না সে ছুঁচের মতন
নিষ্ঠুর, নঞর্থ কথা, কথা বলাে আমার ভিতরে
বৃষ্টির মতন কথা, বিদ্যুতের, শিকড়ের কথা-
বলো, ভালাে আছো আর তােমার অসুখ সেরে গেছে
বলল, ভালােবাসাে তাই তােমার অসুখ সেরে গেছে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।