জন্ম কোনো মৃত্যুকেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মৃত্যুর ভিতরে এক মূর্তি আছে তরুণ তাপস
যে সর্বদা চক্ষু মুদে বসে থাকে
স্পন্দনবিহীন
চতুর্দিক ঘিরে থাকে, ক্রমাগত ছোটো হয়ে আসে ...
সে -ই এক আদিম জ্যোৎস্নার মতো অপরূপ
নীলাভ শ্যাওলা
গাছের ছায়ার মধ্যে মিশে যেন সবার আড়ালে
মানুষের কষ্ট, ক্ষুধা, প্রেম আর পরিতাপ থেকে
দূরে, এক ছোটোখাটো রাজ্য গড়ে একাকীই আছে
নিতান্ত না গেলে নয়, তাই যায়,
প্রত্যেক মানুষ শহরের ইটকাঠ ছেড়ে ফেলে টুটাফুটা জামা
ফেলে ও ছড়িয়ে যায়
নতুন কাপড়ে মেখে লাগে তার ভালো ও সচ্ছল।
মৃত্যুর যেমন আছে তপস্যার মতো ক্লান্তিহীন মনোস্থাপন
আছে ঠিকঠাক জন্মেরও তেমনি জন্মের তপস্যা যেন রক্তের ভিতরে
গভীর গাভীর মতো পেটে কোনো
ভূমণ্ডলে কোনো
মানুষের ভালোবাসা দিয়ে মোড়া
মূল্যবান কিছু—
জন্ম কোনো মৃত্যুকেই পরোয়া করে না।
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'জ্বলন্ত রুমাল' ২৫শে বৈশাখ-১৩৮২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।