আমি ফিরে পাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আজ আমি বৃষ্টিতে ভিজেছি
ছিন্নভিন্ন হয়ে গেছে শার্ট,
পরনে পাতলুন এলােমেলাে,
বহুকাল পরে আজ বৃষ্টিতে ভিজেছি।
যখন বেরুই পথে অসামান্য মেঘ ছিলাে কালাে।
উপগলি থেকে গলি, তারপর রাস্তায় দাঁড়িয়ে কোনদিকে যেতে ভালাে,
ভেবে-ভেবে ভেবে-ডেবে ঠিক করতে পারিনি আর তন্মুহূর্তে নিয়নের আলাে
নিভে গেছে, তৎক্ষণাৎ শালবন উঠেছে চতুর্দিকে।
ফিকে গোরস্থালি আলাে ধাঁধায় দু'চোখ,
খানাখন্দে ঢাকা পড়ে ছিটকোয় পাতাল,
কাগজ ছেঁড়াযর মতাে বৃষ্টি নামে, আকাশে চিক্কুর
থেকে থেকে, মনে হয় শব্দের মধ্যে এসে গেছি।
এখন যেদিকে ইচ্ছে যাওয়া যেতে পারে।
প্রকৃত শহর নয়, বাড়িগুলি পাল ও সেগুন
কিন্তু মেহগিনি আছে সুঁড়িপথে ভেসে চলে জল,
এবার বার্ধক্যে আমি বৃষ্টিতে ভিজেছি,
দারুণ বার্ধক্যে আমি বৃষ্টিতে ভিজেছি,
ভিজে সে-বালকে আমি ফিরে পাই যে গেছে হারিয়ে।
কাব্যগ্রন্থ -
এই তো মর্মরমুর্তি
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।