চতুর্দশপদী কবিতাবলী - ২৭
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একভাবে চিরদিন সমাজের সেবা করে যাওয়া
অনেক আদরণীয় মনে হয় — আমার যে দিন
ভেসে গেছে, ভেসে যাক; নূতন গাছের অধিপতি
এসে যে- গাছের ' পরে শুয়ে রবে সে–ই তার গাছ—
এরাও নিরভিমান আত্মীয়ের দেখাশুনা করে,
আমাদের মতাে নয় পরমুখাপেক্ষী ও স্বাধীন
একচ্ছত্র কবিতার সিংহাসনে, পিচ্ছিল নর্দমা
এদের গাছের ডাল হতে নেমে গিয়েছে সদরে
কাছারির বামপাশে — পুষ্করিণী পদ্মফুলে ঠাসা।
মানুষের জীবনের জমিদারি উঠেছে নিলামে
রাবিশ, শস্যক্ষেত্র , কাঠের আসবাব দাম দেয়,
প্রতিষ্ঠানে নির্বাচন জমে ওঠে, দেহের বিচারে
এখানে - ওখানে রসপাত ঘটে, পুনরভিনয়
রােমাঞ্চিত করে — শুধু জন্মমৃত থাকে অবিচল॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।