সূর্যমুখী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সে যদি আমাকে বলে ঈশ্বর আমি হতে পারি
বনতলে সুসজ্জিত অন্ধকার শবরের মতো
আমি যন্ত্রণার পুষ্পে সর্বশুক্ল প্রভায় প্রণত
এবং সন্ধ্যার ছলে সে আমার নদী হোক নারী
সে যদি আমাকে বলে ঈশ্বর তাও হতে পারি
আকাশে প্রসন্ন ধ্রুব দ্বীপনট নাবিকের ব্রত
সুধায় স্বরাজ হোক আমি যার ধেয়ানে নিয়ত
সে আমার অন্তরীক্ষে সে আমার বিভার ভিখারি
সে যখন আমাকে ডাকেনি শঙ্খপদ্ম দুইহাতে
কৃষ্ণনটবালকের ধানখেতে সন্ধ্যায় প্রভাতে
নদী নদী, ডেকে ফিরি, পতঙ্গ ধনেশ পাখি দ্বারী
তখন অনৈশ্বর্য বিষণ্ণ জোনাকি দিতে পারি
কৃষকমুখের মতো সে সূর্যরোপণে হলো নত
পতিত ধানের দেহে প্রব্রজার দক্ষিণে বিরত।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।