ভালো লাগে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
উল্লেখযোগ্যতা তাকে নিয়ে গেলো সমুদ্রের তীরে।
সেখানে রুপোলি মাছ বালুকায় ধুলোয় পেতেছে ছিন্নভিন্ন রূপ
যেন ভাঙা আয়না নিকটে ও দূরে
ঝাউ গাছ থেকে পাতা উড়ে আসে হেমন্তে, হাওয়ায়—
উল্লেখযোগ্যতা তাকে নিয়ে গেলো সমুদ্রের তীরে।
পাহাড়ের কাছে তাকে নিয়ে যেতো পাগল বনানী
স্থির নীল, ঝর্না জল, নুড়ি ও পাথর, হাটবার
উলি ঝুলি রাস্তা যায় অরণ্যের গভীরে জন্তুর
মুখোমুখি, চাঁদ উঠে পথরোধ করেও দাঁড়াতো
পাহাড়ের কাছে তাকে নিয়ে যেতো পাগল বনানী—
এই সব।
এখন সমস্ত ছেড়ে, মুক্তি পাবে বলে চলে গেছে
শ্যামল বন্ধন নয়, নীল জল মৌন ও গভীরে—
এখন এসবই তার ভালো লাগে, অন্যান্য লাগে না।
কাব্যগ্রন্থ
' ভালোবেসে ধুলোয় নেমেছি '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।