বালুকায় ভেঙে পড়ে সমুদ্রের...
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বালুকায় ভেঙে পড়ে সমুদ্রের ফসফরাসের
আবিল নক্ষত্রপুঞ্জ—
মাছ জানে, বালুকা জানে না,
দূরের দৈনিক চাঁদ চোর-পুলিশ খেলেছে কতই
ও-পাড়ার কদম্বের তল ছেড়ে, সমুদ্রে তোমার।
তোমাকে কি ভালোবাসে চাঁদ ঐ বালকের মতো?
সফেন সমুদ্রে তুমি নক্ষত্রেরও বিছানা পেতেছো,
তুমিও কি ভালোবাসো দূরত্বের প্রতি নিমন্ত্রণ?
তুমিও কি পুরুষের মতো, কোনো পুরুষ দেখোনি—
রামগড় ইস্টিশন, ফেল্ট্-টুপি উড়েছে
মৌসুমে হাজারিবাগের দিকে টেন যায় কথ সিটি হেঁকে
তুমিও কি ভালোবাসো, যারে ভালোবাসো বারবার!
বালুকায় ভেঙে পড়ে সমুদ্রের ফসফরাসের আবিল নক্ষত্রপুঞ্জ—
মাছ জানে, কেহই জানে না,
দূরের দৈনিক চাঁদ নানাবিধ খেলার অতীত।
অমৃত, ২৫ মাঘ ১৩৬৯
কাব্যগ্রন্থ
'কিছু মায়া রয়ে গেলো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।