আশ্চর্য নতুনভাবে দেখা হয়েছিলো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কবরখানার থেকে হিমঘুম জাপটেছে সড়ক।
এখন দুপুর, রোদ - জ্বালা ধুন্ধুমার কাণ্ড করে
পিছলে যায় ট্যাক্সি - গাড়ি, চোখ মুদেছিনু কেন ভুলে
দু খুলে হাহাকার, ওকে বাম থেকে ডানে যেতে দেখি,
হঠাৎ সুমুখ দিয়ে পার হয়ে ওপারে সারস
চোখ তুলে, তন্মুহূর্তে দৃষ্টি রাখে পথের উপর
সন্তর্পণ, গ্রাহ্যাগ্রাহ্য মনে করে গাড়ির ভিতরে,
কিশোর সিঁড়ির দিকে ধেয়ে যাই নেবুবাগানের
গলিতে, গালের ' পরে গন্ধ পাই দুধের সরের
দু আঙুলে ঘষে তোলো রাতের আলস্য,
নাকি ঘোর ঘুমের, স্বপ্নের মোম !
তুলে ফেলো অবিমৃষ্যকারী
হাওয়া, যা তোমাকে ছোঁয়, সেবার সকালে ছুঁয়েছিলো।
তারপর দীর্ঘদিন গেছে।
বালুর উপরে এসে দাগ রেখে জলের বছর
এখানে - ওখানে গেছে। মধ্যবর্তী দূরত্ব বেড়েছে।
ক্ষতি নেই। দেখা হয়েছিলো।
আশ্চর্য নতুনভাবে দেখা হয়েছিলো বারবার,
মনে আছে।
কাব্যগ্রন্থ
"কক্সবাজারের সন্ধ্যা"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।