নেবুফুল
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ছোট্ট নেবুর ফুলটি আমার, ছোট্ট নেবুর ফুল--
স্বর্ণ উষার কর্ণ ভূষার বর্ণ তুষার দুল!
চন্দ্রধবল সরস কান্তি
চন্দনজল পরশ শান্তি;
মন্দমারুত বন্দনারত গন্ধ তব অতুল!
ছোট্ট নেবুর ফুল-
সন্ধ্যামুখের সৌরভী ভাষা,
বন্ধ্যা বুকের গৌরবী আশা,
গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা, বিরহের বুলবুল!
ছোট্ট নেবুর ফুল-
প্রথম প্রীতির সুমধুর স্মৃতি-ব্যথাভরা দুটি ভুল!
গন্ধপুরীর রাজকন্যার হীরার কর্ণদুল!
ছোট্ট নেবুর ফুল,
মুগ্ধ হিয়ার মন্দির তোরি মন্তরে মশগুল্।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।