মেনে নিতেই হয়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
(আবু সয়ীদ আইয়ুব চিরস্মরণীরেধূ)
আমায় অন্য একটি ঘরে নিয়ে চলো
এ-ঘরে বহুদিন আছি, পুরনো গুমো গন্ধ
নাকে এসে লাগছে
কেমন একটা দমবন্ধ ভাব এ ঘরের সর্বত্র
আমার কষ্ট হচ্ছে কেমন
সহ্য করতে পারছি না
পুরনো ঘরের চারদেয়াল ছাদ আমার অস্তিত্বে চেপে বসছে কেবলি
আমায় তোমরা অন্য একটি ঘরে নিয়ে চলো
এ ঘরে বহুদিন আছি।
(ওঁর কথা এভাবে এমন করে ফলে যাবে ভাবতেই পারি নি)
ভাবতে পারি নি, ঘর মানে বাহির
বাহির মানে গলি ছেড়ে বড় রাস্তার ধারের কোনো গোলাপি
ঘরের কথা নয়
এ-ঘর হিমঘুমে নিস্তব্ধ নিথর
শাদা ঠাণ্ডা ফুলে ফুলে পাহাড়
বাতাসে পেঁচিয়ে উঠছে লতার মতো ধূপের ধোঁয়া স্তব্ধতার হিমে
ঢামরের দোলে রবীন্দ্রনাথের কূলপ্লাবী গান
তাঁরই ভালোবাসার গানগুলি মাথার কাছে বেজে চলেছে সকাল থেকে
স্থির শুভ্র চাদরের উপর দিয়ে বহে যাচ্ছে মোহিনী মায়া, (সেই
ঘরের পাশে) নতমস্তক বেদনার্ত কিছু মানুষ এক একবার শায়িত
প্রজ্ঞার দিকে তাকাচ্ছে আর অশ্রুমোচন করে চলেছে...
এই তো ছিলেন, এখন নেই
(মন একথা ঘরে ফিরেও বিশ্বাস করতে চাইছে না)
নিরুপায় বাতাসে ভাসছে চলে যাওয়ার, ছেড়ে যাওয়ার নিষ্ঠুর সত্য...
মেনে নিতেই হয়।
সত্যের কোনো বিকল্প নেই, ছায়া নেই, ভুলভ্রান্তি নেই কোনো
দুপুরের রূপনারায়ণের মতো অনিবার্য সে মেনে নিতেই হয়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।