চতুর্দশপদী কবিতাবলী - ৬৪
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দিনের দুয়ার আজো খােলা দেখি। রাতের দুয়ার
বন্ধ, বহুদিন বন্ধ। আমার স্থান কি খরতাপে?
আমার কি স্থান আছে পৃথিবীর সমূহ সন্তাপে
অশ্রুর সমান কিংবা বেগবান বিপুল জোয়ারে?
দিনের দুয়ার আজো খােলা দেখি। রাতের দুয়ার
বন্ধ, বহুদিন বন্ধ। আমার মানে কি উজ্জ্বলতা?
আমার মানে কি হবে নীরবের সারাৎসার কথা
কি দিন কি রাত্রি লাগে অন্ধতায় অথবা শুয়ারে?
তােমার নিকটে ছিলাে একটি দুটি আলােকবর্তিকা
তা, মই লাগিয়ে কোন বাতিঅলা অকম্প ফুৎকারে
সময়ে নিয়ে গেছে, এখন সময় কারাে শিখা
নয়, উজ্জ্বলতা নয়, —নিষ্কাম গাধার মতাে ঘাড়ে
বালুকার রাশি বহে বালুকায় মিশাতে চলেছি—
এই অন্ধকার নাকি সকল-আঁধার-খসে-পড়া?
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।