প্রদীপ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
এ নহে বিলাসদৃপ্ত ধনীর আগারে
বিচিত্র স্ফটিক পাত্রে দীপ্ত দীপমালা!
শত বিদ্যুতের দ্যুতি শত আলো-জ্বালা-
প্রমোদ-উৎসব-গৃহে চারু-তারাহারে
জ্বলে না ইহার জ্যোতি ঝলসি নয়ন-
বিলাস-লালসা-পুষ্ট ভোগ-হুতাশন!
অন্ধকার গৃহকোণে স্নিগ্ধোজ্জ্বল লিখা
এ যে দরিদ্রের দীপ নিশীথতামসে-
নিত্য নিশি জাগি রহে মৌন নির্নিমেষে,
প্রজ্জ্বলিত প্রদীপের পুণ্য বহ্নি-শিখা;
জননী লক্ষ্মীর মতো জাগ্রত নয়নে
আগুলি সন্তানগণে অশ্রান্ত যতনে!
দারিদ্র্যের দগ্ধ ভালে কল্যাণের টিপ-
অন্ধকারে বদ্ধগৃহে সুমঙ্গল দীপ!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।