ধর্মের সোপানগুলি কাঁদে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভক্তের পায়ের স্পর্শে
ধর্মের সোপানগুলি কাঁদে।
প্রতিমা একাকী থাকতে চায়—
কোনো ভক্তই বোঝে না,
কবিত্ব-অসুখে ভুগে প্রতিমা
একাকী থাকতে চায়;
অন্তত একদিন ওকে ছুটি দাও,
ও ভক্তমণ্ডলী—
ভক্তের পায়ের স্পর্শে
ধর্মের সোপানগুলি কাঁদে
স্থানান্তরিত করো প্রতিমাকে
এক রহস্যলোকে।
কিছুক্ষণ আয়ু দাও কিশোরীর,
আনমনা হোক,
নিজেকে সাজাবে ব'লে
তুলে আনুক কুর্চি,পদ্মনাল—
এক কোঁচড় ফুল তুলে গাঁথুক
একান্ত মালাখানি।
তোমার মালাতে কেন প্রতিদিন ওর
ক্ষুধা মেটাবে?
স্বকৃত মালায় সেজে রাজেন্দ্রাণী
জঙ্গলে দাঁড়াক।
কপোল চুম্বন করবো, চন্দন পরাবো
দুই হাতে—
একবার মানুষী হয়ে নামতে দাও
ধর্মের উঠোনে,
ভক্তের পায়ের স্পর্শে
ধর্মের সোপানগুলি কাঁদে!
কাব্যগ্রন্থ-
'ছবি আঁকে, ছিঁড়ে ফ্যালে'
শারদীয় আনন্দবাজার, ২৮ জুলাই ১৯৮৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।