চতুর্দশপদী কবিতাবলী —৫৯
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এত অপমান করো তবু কেন রয়ে যেতে চাই
তোমার প্রচ্ছায়ে প্রিয়? হয়তো আষাঢ় গেছে থামি
নির্জন কান্তারে আজ। জন্ম দেয় গাভী তিক্ত যীশু
শতাব্দীতে একবার আপাদমস্তক হতে নামি
তোমার চুম্বন পাই শেষরাতে বিদায়ের আগে।
এখন বিদায়, একী ! হাঁটু পেতে ভূমির উপর
নিরবলম্বনে আমি বসে আছি, সহ্যহীন রাগে
তোমার সুষমা ফেটে পড়ে ঘরে কম্পন-তৎপর।
আমি মাঝে-মাঝে ভালোবাসি, যারা সকল সময়
ভালোবাসা নিতে পারে, দিক তারা। নেমেছে আষাঢ়
নির্জন কান্তারে আজ। সৃষ্টিতে কি গাঢ় অবক্ষয়
হয়েছে উপর্যুপরি ? মানুষেরা পৃথিবীর ধার
দিয়ে হেঁটে দূরে অধিত্যকাদেশে হয়েছে বিস্মৃত
প্রিয়ের কথাও! আমি মানুষ কি বিষাদ–প্রহৃত?
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।