সমুদ্রের মাঝে আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বাদুড়ের মতাে ঝুলে আছে আছে দীর্ঘ গাছে–
ডালে সবুজ শুদ্ধতা শুধু পাতার আড়ালে
আমাদের মন
ধানভাঙা তুঁষের মতন
পুড়ে থাকে—
কোনদিন পাবে না আমাকে,
কোনদিনই পাবে না আমাকে।
লাটাগুড়ি জঙ্গলের ভিতরে আমার আজো কাজ
শীতের কুয়াশা মেখে পথ ভুলে সমুদ্র - জাহাজ
এসেছে জঙ্গলে
আমাদের ‘ অভিশপ্ত ' ব 'লে
লুকালাে সে
আমার কর্তব্য তাকে চাঞ্চল্যে ভাসানাে, নিজে ভেসে।
দূর থেকে দূরে যদি যাই
তুমি কি উড়ন্ত মেঘে তন্তু ও লাটাই —
কাছে টানাে
জীবনের আধা আমি জেনে গেছি, তুমি আধা জানাে।
সমুদ্রের মাঝে আমি দেখেছি জঙ্গল শুয়ে আছে
জলস্রোতে নাচে
তাদের মনের দীর্ঘ চলাফেরা–বিবাহ–কৌতুক
সমুদ্রের মাঝে আমি দেখেছি সমুদ্র–জোড়া মুখ।
কাব্যগ্রন্থ
' ভাত নেই, পাথর রয়েছে '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।