ইস্টুপিড
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মনে মনে তার অনেক দুঃখ, এমন একটা
কথা ভাবতুম আমরা।
কেউ শেখায়নি ভাবতে
কেউ বলেনি, ঐ যে লােকটাকে দেখছাে, ওর
দুঃখের আর অন্ত নেই
লােকটা কারুর কথায় রা কাড়তাে না
নিজে-নিজেই কথা কইতাে?
তাও না।
তবে?
লােকটা কথা কইতে শিখেও, কথা ভুলতে পেরেছে ... কঠিন ক্ষমতা ওর।
আমরা ভাবতুম, লােকটা ইস্টুপিড!
নইলে লম্বা তেঠেঙে একটা গাছের ফটো তুলে, বাঁধিয়ে তারই সামনে নিত্যিদিন বসে থাকে,
হয়তাে পুজো - আচ্চাও করে, মনে মনে,
অনেক দুঃখ তার, ঐ ইস্টুপিড লােকটার—
এমন একটা কথাই শেষপর্যন্ত ভাবতুম আমরা॥
কাব্যগ্রন্থ
'উড়ন্ত সিংহাসন'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।