ছুটি ছুটি একান্তই ছুটি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চেতনা মেঘের মতো ভাসে
দিন যায় সন্ধ্যা নেমে আসে
জেগে থাকে করতল মুঠি
ছুটি ছুটি একান্তই ছুটি।
এবার বর্ষার জলধারে
সমতল ছেড়েও পাহাড়ে
যাইনি — যাবো না কোনোদিনও
হৃদয় আকণ্ঠ বৃষ্টিহীন।
তুমি থাকো, তুমি থাকো কাছে
বাঁচার দ্যোতনা তবে আছে
মৃত্যুতে যন্ত্রণা কত দামি
সে - বোধে আচ্ছন্ন তুমি - আমি।
চেতনা মেঘের মতো ভাসে
দিন যায়— সন্ধ্যা নেমে আসে
জেগে থাকে করতল মুঠি
ছুটি ছুটি একান্তই ছুটি !
কাব্যগ্রন্থ
' ধর্মে আছো জিরাফেও আছো '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।