কান পেতে আছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
[গৌরীদির জন্যে]
এত দ্রুত চলে যাবে ভাবা অসম্ভব
ছিলো, দ্রুত চলে যেতে মুহূর্ত লাগে না
জানি, আশা ছিলো তুমি আভাসে জানাবে
প্রকৃত যাওয়ার কথা, কিন্তু তা বলো নি ।
ভেবেছিলে, বলে গেলে কিছুতে হতো না
যাওয়া, এ-ভুবনভাঙা ছেড়ে যাওয়া কিছুতে হতো না।
পথরোধ করতো বহু কাঙাল বন্ধন,
বাহুর দেয়াল ফিরে পথরোধ হতো
পথরোধ করতো প্রিয় পূর্ণিমার চাঁদ।
তাহলে কি যাওয়া যেতো, এতই সহজে ?
খুবই কি সহজে গেছো? অন্তরে দুচোখ
নামিয়ে, উঠিয়ে দ্যাখো জলকষ্ট ছিলো।
পিপাসা মিটেও, তবু মেটে না পিপাসা
জীবনের,
দূর থেকে শুভেচ্ছা জানাও।
ধ্রুবতারকার মতো অনিবার্য গান
গেয়ে ওঠো, আমরা মেঘে কান পেতে আছি।
১৯৮২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।