নিষ্কৃতিহীন
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ওগো, যে পল্লীতে বসত আমার-নিত্য সেথায় সাঁঝে
ঘরে-ঘরেই, সন্ধ্যারতির শঙ্খঘণ্টা বাজে!
শুধু আমার ঘরেই হায়!
কোনো উপকরণ নাই-
তবু তাদের পূজার শব্দে আমার চমক ভেঙে যায়-
তাই সবার সাথে পূজি আমার প্রাণের দেবতায়।
ওগো, যে পাড়াতে কুটির আমার-নিত্য সেথায় রাতে
ঘরে-ঘরেই শিশুর কান্না লেগেই আছে সাথে-
শুধু আমার ঘরেই, হায়!
তারা অনেক দিনই নাই-
তবু যখনি কেউ কাঁদে আমার তন্দ্রা ভেঙে যায়-
তাই সকল মায়ের সঙ্গে জাগি শিশুর বিছানায়।
শিশুহারা লক্ষ্মীছাড়া-এমনি আমার ঘর-
তবু কেন পাই না ছুটি, হে জীবনেশ্বর!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।